ঢাকা প্রেসঃ পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড ১০৬ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিএমআরই’র (ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন) এবং নতুন মেশিনারিজ ক্রয়ে এ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মালেক স্পিনিংয়ের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরের কারখানায় কিছু মেশিনারিজ প্রতিস্থাপন করা হবে। আগের বেশকিছু মেশিনারিজ কার্যক্ষমতা হারিয়ে ফেলায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
সূত্র জানায়, মালেক স্পিনিংয়ের নতুন মেশিন প্রতিস্থাপনে প্রায় ১০৬ কোটি ৬৪ লাখ টাকা খরচ হবে। এ টাকা কোম্পানিটি অভ্যন্তরীন মাধ্যম, ব্যাংক ঋণ এবং অন্যান্য সোর্স থেকে সংগ্রহ করবে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে কোম্পানিটির পর্ষদ ময়মনসিংহের ভালুকার কারখানায় বিএমআরই’র জন্য ২১৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করে। তবে কোম্পানিটি সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।
Dhakapresbd Trusted Online News Portal