সিলেট প্রতিনিধিঃ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন।
বুধবার (১৩ মে) রাত ১০টায় সিলেট স্টেশন ছেড়ে যায় ট্রেনটি, কিছুদূর এগিয়ে শিববাড়ি এলাকায় যাওয়ার পর ইঞ্জিনে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। বিপদ আঁচ করতে পেরে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সাথে সাথে রেলের কর্মীরা তাদের অগ্নি নির্বাপক যন্ত্রে সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ইঞ্জিনটি।
আগুনের আতঙ্কে যাত্রীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২০ মিনিট পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আগুনের কারণে ইঞ্জিনের কোনো স্থায়ী ক্ষতি হয়নি, এমনটা জানায় রেল কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, ট্রেনটির ইঞ্জিনের সাইলেন্সারের কাছে কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছিল। ইঞ্জিন দীর্ঘক্ষণ চলার পর সাইলেন্সার অতিরিক্ত গরম হয়ে কাপড়ে আগুন লাগে।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।